বিল পরিশোধে নতুন নিয়ম জরিমানা এড়াতে আজই বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ

হোম » পটুয়াখালী » বিল পরিশোধে নতুন নিয়ম জরিমানা এড়াতে আজই বিদ্যুৎ বিল পরিশোধের অনুরোধ
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


প্রতীকী চিত্রসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধে নতুন নিয়ম চালু হচ্ছে। আজ রবিবার (১৬ আগস্ট) থেকে ইন্টিগ্রেটেড সেন্ট্রালাইজড বিলিং সিস্টেমের (আইসিবিএস) মাধ্যমে সরাসরি অনলাইনে বিদ্যুৎ বিল গ্রহণ করা হবে।

 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কলাপাড়া জোনাল অফিসের কর্তৃপক্ষ এক জরুরি নোটিশে এ তথ্য জানিয়েছে।

 

নোটিশে বলা হয়, গ্রাহকেরা আগে যেভাবে বিকাশ, রকেট, উপায়, ব্যাংক বা অন্যান্য অনলাইন মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতেন, নতুন ব্যবস্থায়ও একইভাবে বিল পরিশোধ করতে পারবেন। তবে সফটওয়্যার পরিবর্তনের কারণে গত ১০ থেকে ১৫ আগস্ট পর্যন্ত যেসব গ্রাহকের বিল পরিশোধের শেষ তারিখ ছিল, তারা শুধু আজ রবিবার ১৬ আগস্ট বিলম্ব মাশুল ছাড়া চলতি মাসের বিল পরিশোধের সুযোগ পাবেন।

 

১৬ আগস্টের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে, যাদের বিল পরিশোধের নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়েছে, তাদের পরবর্তী দিন থেকে জরিমানাসহ বিল পরিশোধ করতে হবে।

 

নতুন আইসিবিএস ব্যবস্থায় বিল পরিশোধের সঙ্গে সঙ্গে তা সম্পন্ন হবে। সফটওয়্যারে চলতি মাসের বিলের সঙ্গে বকেয়া বিলসহ যে মোট টাকা প্রদর্শিত হবে, গ্রাহককে সেই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। নতুন ব্যবস্থায় বিল আংশিক পরিশোধ, চলতি বিল রেখে আগের বিল পরিশোধ কিংবা বিল ভাগ করে পরিশোধের সুযোগ থাকছে না।

 

নোটিশে আরও জানানো হয়, কোনো ব্যাংক ভিপিএন সংযোগের মাধ্যমে আইসিবিএসের এপিআইয়ের সঙ্গে যুক্ত না থাকলে ওই ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল গ্রহণের সুযোগ থাকবে না।

 

এ ছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন সেবা ও অভিযোগ, আবেদন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও পুনঃসংযোগ, মিটার স্থানান্তরসহ অন্যান্য কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। এসব সেবা নিতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি ও বিদ্যুৎ বিলের কপি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

 

নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করে সরকারি রাজস্ব আদায় এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।

বাংলাদেশ সময়: ৭:১১:৫৮ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ