ঢাকায় শিক্ষিকার বাসায় চুরি, ভোলায় ২৬ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার গাড়িচালক

হোম » ভোলা » ঢাকায় শিক্ষিকার বাসায় চুরি, ভোলায় ২৬ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার গাড়িচালক
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


ঢাকায় শিক্ষিকার বাসায় চুরি, ভোলায় ২৬ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার গাড়িচালকসাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ঢাকার মোহাম্মদপুরে এক স্কুলশিক্ষিকার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগে তাঁর গাড়িচালক মো. আব্দুল আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর কাছ থেকে ২১ লাখ টাকা মূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মূল্য ২৬ লাখ টাকা।

 

শুক্রবার বিকেলে ভোলা সদর রোডের নুর জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরি করা স্বর্ণালংকার বিক্রির চেষ্টার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

 

গ্রেপ্তার আব্দুল আলী মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ী এলাকার বশিরউদ্দিনের ছেলে।

 

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সদর রোডের নুর জুয়েলার্সে এক ব্যক্তি বেশ কিছু স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন। পরে তাঁর সঙ্গে থাকা কালো রঙের হাতব্যাগ তল্লাশি করে স্বর্ণালংকার ও নগদ টাকা পাওয়া যায়। এসবের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আব্দুল আলী জানান, মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার স্কুলশিক্ষিকা সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও টাকা চুরি করে বিক্রির উদ্দেশ্যে ভোলায় নিয়ে এসেছেন তিনি। ওই শিক্ষিকার গাড়িচালক ছিলেন আব্দুল আলী।

 

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার করা স্বর্ণালংকার ও টাকা মালিককে ফিরিয়ে দেওয়ার আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:২৮:১২




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ