নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হোম » পিরোজপুর » নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, সাব্বির হোসেন একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তার নিজ বাড়িতে ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে তাকে পিরোজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি সাব্বির হোসেন ঠিকাদারি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত ছিলেন। ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানিসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে জড়ানোর চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতারা।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির হোসেনের স্বজনরা। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে সাব্বিরকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।

 

সাব্বির হোসেন সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘সাব্বির হোসেনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:৫৭:০৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ