সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
মোড়কাবদ্ধ খাদ্যপণ্যের লেবেলে উপাদান, পুষ্টিমান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ বাধ্যতামূলক করার দাবিতে পিরোজপুরে অ্যাডভোকেসি সভা, আলোচনা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১২ আগস্ট) পিরোজপুর শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ কর্মসূচির আয়োজন করে।
স্মারকলিপিতে বলা হয়, খাদ্যপণ্যের মোড়কে সঠিক, স্পষ্ট ও সহজবোধ্য তথ্য থাকলে ভোক্তারা পণ্যের গুণগত মান ও পুষ্টিমান সম্পর্কে জেনে সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন। এ ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যপণ্যের মোড়কে সঠিক তথ্য প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আমরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি দিয়েছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের পাশাপাশি খাদ্যপণ্যের লেবেলে যথাযথ তথ্য নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ভোক্তার অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য লেবেলিংয়ের কার্যকর বাস্তবায়ন জরুরি। এ জন্য খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।