কলাপাড়ায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

হোম » সর্বশেষ » কলাপাড়ায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১২০ জন রোগী ভর্তি থাকেন। বর্তমানে হাসপাতালটিতে হাম, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

 

সরেজমিনে দেখা যায়, জুলাই মাসে হাসপাতালে ১৩৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে হাম আক্রান্ত ১০ জন রোগী ভর্তি রয়েছেন। গত নয় দিনে ভর্তি হওয়া ২৯ জন রোগীর প্রায় ৯০ শতাংশই এক থেকে আট বছর বয়সী শিশু।

 

হাম সংক্রামক রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের জন্য আলাদা ব্যবস্থা প্রয়োজন হলেও হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের বিভিন্ন কক্ষে তাদের গাদাগাদি করে রাখা হচ্ছে। এতে অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যেও সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু কলাপাড়ার নয়, পার্শ্ববর্তী তালতলী, আমতলী ও রাঙ্গাবালী উপজেলার একাংশের মানুষও চিকিৎসা নিতে আসেন। তবে রোগীর চাপ বাড়লেও হাসপাতালটিতে চিকিৎসা ও শয্যাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়েনি।

 

কলাপাড়া হাসপাতালের শিশু চিকিৎসক ডা. বিকাশ রায় মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বলেন, ‘আগের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবে হামে আক্রান্ত শিশুরা সঠিক পরিচর্যা ও চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

বাংলাদেশ সময়: ১৭:০৩:৩৩ ● ৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ