দশমিনায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

হোম » পটুয়াখালী » দশমিনায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

দশমিনায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। লিখিত ও মৌখিক পরীক্ষার পর এক প্রার্থীর নাম তথ্য সংগ্রহকারী পদের অপেক্ষমাণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে- এমন অভিযোগে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ছয় প্রার্থী।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে মো. জসিম উদ্দিনসহ ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দেন।

 

অভিযোগপত্রে বলা হয়, রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে নাঈম হাসান আইসিটি সুপারভাইজার পদে আবেদন করেন। তিনি ওই পদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। তবে চূড়ান্ত ফলাফলে তাকে তথ্য সংগ্রহকারী পদের অপেক্ষমাণ তালিকায় ২৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। অভিযোগকারীদের দাবি, নাঈম হাসান তথ্য সংগ্রহকারী পদে আবেদন বা পরীক্ষা কোনোটিতেই অংশ নেননি।

 

অভিযোগকারীরা বলেন, ‘যিনি তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেননি, তার নাম ওই পদের অপেক্ষমাণ তালিকায় কীভাবে এলো, তা তদন্ত করে দেখা প্রয়োজন।’

 

তবে অভিযোগ অস্বীকার করে নাঈম হাসান বলেন, তিনি তথ্য সংগ্রহকারী ও আইসিটি সুপারভাইজার—দুটি পদেই আবেদন এবং লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। তবে মৌখিক পরীক্ষায় শুধু আইসিটি সুপারভাইজার পদে অংশ নেন। পরে তথ্য সংগ্রহকারী পদের অপেক্ষমাণ তালিকায় তার নাম এসেছে।

 

দশমিনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসরাফুল হোসেন বলেন, ‘আমি এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলতে পারছি না।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদ হাসান মৃধা বলেন, ‘অভিযোগটি জেলা প্রশাসক বরাবর করা হয়েছে এবং আমাকে মাধ্যম করা হয়েছে। অভিযোগপত্রটি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।’

বাংলাদেশ সময়: ১৭:০১:০৪ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ