আদালতের নির্দেশ অমান্য করে জমিতে দেয়াল নির্মাণের অভিযোগ

হোম » ঝালকাঠি » আদালতের নির্দেশ অমান্য করে জমিতে দেয়াল নির্মাণের অভিযোগ
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


 

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে দেয়াল নির্মাণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জমির দাবিদার মো. মারুফ হোসেন চলী। বুধবার (১১ নভেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

 

লিখিত বক্তব্যে মারুফ হোসেন চলী জানান, আইহর মৌজায় তাঁদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর বাবা ও চাচারা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। জমিতে পুকুর, মাছ চাষের স্থান, গাছপালাসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। তবে গোলাম মোস্তফা ওরফে টুকু নামের এক ব্যক্তি জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

 

মারুফ হোসেন বলেন, জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে। এ বিষয়ে আদালত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জমিতে সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপার ও ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিকবার লিখিত অভিযোগ ও আবেদন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তী সময়ে আবারও কাজ শুরু করা হয়।

 

তিনি জানান, গত ৪ নভেম্বর আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নির্মাণকাজ বন্ধের দাবিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। আদালতের আদেশের অনুলিপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এরপরও নির্মাণকাজ বন্ধ হয়নি। উল্টো তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তি রক্ষা, আদালতের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন মারুফ হোসেন চলী।

 

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা ওরফে টুকুর বক্তব্য পেতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:০৪ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ