আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশ অমান্য করে ১৩ দিন পর সড়কের গাছ কাটার অভিযোগ

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশ অমান্য করে ১৩ দিন পর সড়কের গাছ কাটার অভিযোগ
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

আগৈলঝাড়ায় ইউএনওর নির্দেশ অমান্য করে ১৩ দিন পর সড়কের গাছ কাটার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় সড়কের পাশের গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে গত ২৬ জুলাই গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। কিন্তু ওই নির্দেশ অমান্য করে ১৩ দিন পর একই স্থানের একটি বড় রেইন্ট্রি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

 

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশে এ ঘটনা ঘটে। এর আগে ওই স্থান থেকে দুটি বড় চাম্বল গাছ কেটে ফেলা হয়েছিল বলে জানা গেছে।

 

স্থানীয়দের অভিযোগ, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা জলিল বয়াতী সড়কের পাশের কয়েকটি গাছ স্থানীয় গাছ ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে বিক্রি করেন। শনিবার সকালে সোহরাব সিকদার শ্রমিক নিয়ে সেখানে গিয়ে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে ফেলেন।

 

খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারকে জানালে তিনি বন বিভাগের মাধ্যমে কাটা গাছ জব্দের নির্দেশ দেন।

 

সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে থাকা গাছগুলোর মধ্যে দুটি বড় চাম্বল গাছ আগেই কেটে ফেলা হয়েছে। পরে বাকি একটি বড় রেইন্ট্রি গাছও কেটে ফেলা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, ‘আমি এর আগে বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলাম। পরে শুনতে পেলাম, ১৩ দিন পর সেই গাছ কেটে ফেলেছে। আমি বন বিভাগের মাধ্যমে কাটা গাছ জব্দ করার নির্দেশ দিয়েছি।’

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩০ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ