
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান অচলাবস্থা নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। এ সময় কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন, কমন রুম, লাইব্রেরি ও খেলাধুলার পর্যাপ্ত সামগ্রীর প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির বলেন, ‘এই কলেজের সাবেক ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের এমপি, মন্ত্রী, সচিব, ব্যবসায়ী ও বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। অথচ প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুদৃষ্টির অভাবে ঐতিহ্যবাহী এ কলেজটি আজ প্রাণহীন হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘ছাত্র ও শিক্ষকদের মানসম্মত আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের কমন রুম, পর্যাপ্ত লাইব্রেরি ও খেলাধুলার সামগ্রী না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি কমে গেছে। ফলে বেশিরভাগ সময় কলেজ ক্যাম্পাস অনেকটা প্রাণহীন অবস্থায় পড়ে থাকে।’
সভায় বক্তারা জানান, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কলেজটির অচলাবস্থার বিষয়টি প্রতিমন্ত্রী রাজিব আহসানের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে চলমান সংকট থেকে উত্তরণের লক্ষ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সামগ্রিক বিষয় নিয়ে এ মতবিনিময়ের আয়োজন করা হয়।
সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়াসহ সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস শাহ ফকির ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।