মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৬৩, প্রস্তুতি ম্যাচে চাপে অস্ট্রেলিয়া একাদশ

হোম » খেলা » মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশের ২৬৩, প্রস্তুতি ম্যাচে চাপে অস্ট্রেলিয়া একাদশ
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


মেহেদী হাসান মিরাজসাগরকন্যা স্পোর্টস ডেস্ক

 

অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মেহেদী হাসান মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জবাবে দিন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে।

 

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার তানজিদ হাসান ৮ বল খেলে কোনো রান না করেই আউট হন।

 

এরপর টপ অর্ডারের ব্যাটসম্যানরা ভালো শুরু পেলেও কেউ ইনিংস বড় করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত করেন ৫৩ বলে ৩৭ রান, ওপেনার সাদমান ইসলাম করেন ৪৭ বলে ৩১ রান। মুশফিকুর রহিমও ফেরেন শূন্য রানে।

 

বাংলাদেশের ব্যাটিংয়ে বড় বাধা হয়ে দাঁড়ান ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অফ স্পিনার কোরি রকিচায়োলি। আন্তর্জাতিক অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২ ম্যাচে ১৭৯ উইকেট নেওয়া এই বোলার ২৪ ওভার বল করে ৬ উইকেট তুলে নেন। বাংলাদেশের চার বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার ও তাইজুল ইসলামকে ফিরিয়ে দেন তিনি।

 

১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে, তখন খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে দারুণ প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেটে ৬৯ রানের জুটি গড়ে দলকে আড়াই’শ রানের গণ্ডি পার করেন তিনি। খালেদ ২৮ বলে ১৫ রান করে আউট হলেও মিরাজ ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত থাকেন।

 

বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। হাসান মাহমুদের দ্বিতীয় ওভারের প্রথম বলেই স্যাম কনস্টাস ১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারে তাসকিন আহমেদের বলে বোল্ড হন ক্যাম্পবেল কেলাওয়ে।

 

১ রানে ২ উইকেট হারানোর পর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি কুর্টিস পিটারসন ও জশ ফিলিপ। তারা ৫৮ বলে ৫০ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন। পিটারসন ২৬ ও ফিলিপ ২২ রানে অপরাজিত আছেন।

 

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ নিয়েছেন একটি করে উইকেট। চার ওভারে দুই মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে সবচেয়ে কিপটে বোলিং করেছেন হাসান মাহমুদ।

 

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২২ আগস্ট ম্যাকাইতে।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:১৭ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ