বাউফলে মাদক কারবারি ও চাঁদাবাজদের বিচারের দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিল

হোম » পটুয়াখালী » বাউফলে মাদক কারবারি ও চাঁদাবাজদের বিচারের দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিল
শনিবার ● ১ আগস্ট ২০২৬


বাউফলে মাদক কারবারি ও চাঁদাবাজদের বিচারের দাবিতে মানববন্ধন, ঝাড়ু মিছিলসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর বাউফল উপজেলার হাজিরহাট এলাকার মাদক কারবারি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও কথিত হানিট্র্যাপ চক্রের মূলহোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

 

শনিবার (১ আগস্ট) সকালে আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজা, ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, হাজিরহাট বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিক শিকদার, সাধারণ সম্পাদক মাহবুল আলম বিপ্লব ও ব্যবসায়ী মো. মারুফ মর্তূজা।

 

বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজাহার উদ্দিন খান ও তার ছেলে রাজু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও হানিট্র্যাপের মাধ্যমে মানুষকে হয়রানি করে আসছেন। তারা দাবি করেন, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর মামলার ভয় দেখিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

 

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা ঝাড়ু হাতে মিছিল বের করেন। মিছিলটি হাজিরহাট বাজার থেকে শুরু হয়ে কাশিপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮:২১:২৫ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ