সাগরকন্যা বিনোদন ডেস্ক
বিপুল প্রচারণা ও প্রত্যাশা নিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত সিনেমাটি গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। প্রথম দিনে ভারতে সব ভাষা মিলিয়ে এর নেট আয় হয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি। খবর এনডিটিভির।
বাণিজ্য বিশ্লেষকদের ধারণা ছিল, উদ্বোধনী দিনেই ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির বেশি আয় করতে পারে সিনেমাটি। তবে সেই প্রত্যাশার চেয়ে আয় কম হয়েছে। ভারতীয় বাজারে সবচেয়ে বেশি আয় এসেছে হিন্দি সংস্করণ থেকে। এ ভাষায় সিনেমাটি আয় করেছে ৪৭ কোটি ৫০ লাখ রুপি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ভারতে ২৫ হাজার ২০০টি প্রদর্শনী থেকে সিনেমাটির নেট আয় হয়েছে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি। এর মধ্যে কন্নড় সংস্করণ থেকে ১ হাজার ১৯৭টি প্রদর্শনীতে এসেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। তেলুগু সংস্করণ ১ হাজার ৭৭৬টি প্রদর্শনী থেকে আয় করেছে ৬ কোটি রুপি। তামিল সংস্করণ ৯৯২টি প্রদর্শনী থেকে ২ কোটি ৬০ লাখ এবং মালয়ালম সংস্করণ ৫৫৭টি প্রদর্শনী থেকে আয় করেছে ১ কোটি ৫০ লাখ রুপি।
সব ভাষা মিলিয়ে ভারতে সিনেমাটির প্রথম দিনের গ্রস আয় ৭৭ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী উদ্বোধনী দিনের গ্রস আয় দাঁড়িয়েছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি।
উদ্বোধনী আয়ে রণবীর কাপুরের আগের সিনেমা ‘অ্যানিমেল’-এর রেকর্ড ছাড়িয়েছে ‘রামায়ণ’। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ প্রথম দিনে ভারতে ৬৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছিল। তবে শাহরুখ খানের ‘পাঠান’-এর ৫৭ কোটি রুপির উদ্বোধনী আয় ছাড়ালেও ‘জওয়ান’-এর ৭৫ কোটি রুপির রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
মুক্তির পর ‘রামায়ণ’ নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াও মিশ্র। এনডিটিভির চলচ্চিত্র সমালোচক শৈবাল চট্টোপাধ্যায় তাঁর পর্যালোচনায় সিনেমাটির দৃশ্যায়নের প্রশংসা করেছেন। তাঁর মতে, প্রতিটি দৃশ্য দৃষ্টিনন্দন হলেও পরিচিত চরিত্রগুলোর উপস্থাপনায় প্রাণের অভাব রয়েছে।
সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করেছেন যশ। সমালোচকের মতে, রামের ভূমিকায় রণবীরের অভিনয়ে আন্তরিকতা ও সংযম রয়েছে। অন্যদিকে, বলিউডে প্রথম সিনেমায় অভিনয় করতে এসে রাবণের চরিত্রে যশ নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
নীতেশ তিওয়ারির পরিচালনায় সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ ছাড়াও অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে ও লারা দত্তসহ অনেকে।