বরগুনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

হোম » বরগুনা » বরগুনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
শনিবার ● ১ আগস্ট ২০২৬


নিহত সাইফুল ইসলাম (২৫)সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার বামনা উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, পরকীয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে অভিযোগের বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।

 

শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে উপজেলার অযোধ্যা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে একই গ্রামের ইউনুস আলীর মেয়ে সুমাইয়ার সঙ্গে সাইফুলের বিয়ে হয়। বিয়ের পর সাইফুল শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। কাজের প্রয়োজনে তাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো। পরিবারের অভিযোগ, এ সুযোগে সুমাইয়ার সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে সাইফুল প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হয়।

 

পরিবারের দাবি, শুক্রবার রাতে খাবারের সঙ্গে সাইফুলকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে তিনি অচেতন হয়ে পড়লে বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পর সকালে সুমাইয়া বাড়ি থেকে চলে যান।

 

নিহতের চাচাতো ভাই রিপন হাওলাদার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার রাতে তারা একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যায়। সকালে ডাকাডাকি করেও সাইফুলের কোনো সাড়া না পেয়ে বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন।

 

নিহতের দাদা আইয়ুব আলী হাওলাদার বলেন, সকালে নাতির ঘরে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে ঘরে ঢুকে দেখি সাইফুল নিস্তেজ অবস্থায় পড়ে আছে। তার স্ত্রীকে ঘরে পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, একই বাড়িতে সাইফুলের বাবা স্বপন হাওলাদার ও চাচা রিপন হাওলাদার পৃথক পরিবার নিয়ে বসবাস করেন। বাড়ির একটি কক্ষেই সাইফুল ও তার স্ত্রী থাকতেন।

 

নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় সুমাইয়ার কথিত প্রেমিকও জড়িত থাকতে পারেন। তবে অভিযোগের বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:০৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ