মালদ্বীপে বাংলাদেশিদের কল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

হোম » প্রবাস » মালদ্বীপে বাংলাদেশিদের কল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬


মালদ্বীপে বাংলাদেশিদের কল্যাণে সমন্বিত উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীরসাগরকন্যা ডেস্ক

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ ও নিরাপদ করতে দেশটিতে বাংলাদেশ ব্যাংকের একটি শাখা স্থাপনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

রবিবার (২৬ জুলাই) সরকারি সফরে মালদ্বীপে অবস্থানকালে রাজধানী মালের পার্শ্ববর্তী দ্বীপ হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কনস্যুলার সেবার আধুনিকায়ন, নিরাপদ অভিবাসন এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

ড. খলিলুর রহমান বলেন, মালদ্বীপে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ সংরক্ষণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে কনস্যুলার সেবাকে আরও জনবান্ধব, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ রপ্তানি, সেবার মানোন্নয়ন, পেশাদারত্ব, জবাবদিহি ও সেবাগ্রহীতাবান্ধব মনোভাব বজায় রাখার নির্দেশনা দেন।

সভায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম প্রবাসীদের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী করতে দেশটিতে বাংলাদেশ ব্যাংকের একটি শাখা স্থাপনের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে, লেনদেনের খরচ কমবে এবং দুই দেশের আর্থিক সহযোগিতা নতুন মাত্রা পাবে। এ সময় তিনি চলমান কনস্যুলার কার্যক্রম, প্রবাসী কল্যাণমূলক উদ্যোগ, সেবার ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার দপ্তরের পরিচালক জাকির আহমেদ, সহকারী সচিব রাফিদ মাহবুব আহমদ এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা কমান্ডো মনিরুজ্জামান।

হাইকমিশন পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাউসে যান। সেখানে তার সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

বাংলাদেশ সময়: ৭:৫৬:৫৭ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ