
সাগরকন্যা ডেস্ক
উগান্ডার পাসপোর্টধারীরা বিশ্বের ৬৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। বিপরীতে বাংলাদেশের নাগরিকদের জন্য এই সুযোগ রয়েছে মাত্র ৩৫টি দেশে।
লন্ডনভিত্তিক নাগরিকত্ব-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।
সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকেরা ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তালিকার সর্বশেষ অবস্থানে থাকা আফগানিস্তানের নাগরিকেরা ২২টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।
বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে ৯৭তম হলেও ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশের সংখ্যা কমেছে। ২০২৬ সালের শুরুতে বাংলাদেশের নাগরিকেরা ৩৭টি দেশে এই সুবিধা পেতেন। সর্বশেষ হালনাগাদে দুটি দেশ সুবিধাটি প্রত্যাহার করায় সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫ এ।
বাংলাদেশের পাসপোর্টে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশের সংখ্যা কমার প্রবণতা অবশ্য নতুন নয়। ২০২৫ সালের শুরুতে এই সংখ্যা ছিল ৩৯ এবং ২০২৪ সালের শুরুতে ৪২টি।
অর্থাৎ আড়াই বছরের ব্যবধানে বাংলাদেশের নাগরিকদের ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের সুযোগ পাওয়া দেশের সংখ্যা ৪২ থেকে কমে ৩৫-এ নেমেছে।
হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয় কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কতটি দেশে ভ্রমণ করা যায়, সেই ভিত্তিতে। এ সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।
সূত্র: হেনলি অ্যান্ড পার্টনার্স