আমতলীতে মহাসড়কের পাশে হাট, তীব্র যানজটে জনভোগান্তি

হোম » বরগুনা » আমতলীতে মহাসড়কের পাশে হাট, তীব্র যানজটে জনভোগান্তি
বুধবার ● ২২ জুলাই ২০২৬


আমতলীতে মহাসড়কের পাশে হাট, তীব্র যানজটে জনভোগান্তি

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলী পৌর শহরে মহাসড়কের দুই পাশে হাট বসায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন যাত্রী ও সাধারণ মানুষ। বুধবার আমতলী-কুয়াকাটা মহাসড়কের একে স্কুল চৌরাস্তা, বটতলা ও বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ যানজট দেখা যায়।

স্থানীয়রা জানান, আমতলী একে স্কুল চৌরাস্তা থেকে বাঁধঘাট চৌরাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে প্রতি বুধবার হাট বসে। এতে মহাসড়কের দুই পাশ দখল করে কাঁচাবাজার, ধান, মাছসহ বিভিন্ন নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ক্রেতারাও সড়কের ওপর দাঁড়িয়ে পণ্য কেনাকাটা করেন। ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে হাট বসায় বাস, মিনিবাস, ট্রাক, মাহেন্দ্রসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে আছে। শতাধিক যানবাহন দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকতে দেখা যায়। বিশেষ করে হাটবারে দিনভর যানজট লেগে থাকে বলে জানান স্থানীয়রা। ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

অটোরিকশাচালক মো. জয়নাল আবেদীন ও শাহীন বলেন, একে স্কুল চৌরাস্তা, বাঁধঘাট চৌরাস্তা ও বটতলা এলাকায় যানজটে পড়লে এক ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয়। সড়কের পাশে হাট বসানোর কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজটের কারণে সাধারণ মানুষও সড়ক পার হতে পারেন না।

বাসচালক মহিউদ্দিন মহসিন ও আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পাশে এভাবে হাট বসায় আমাদের দুর্ভোগের শেষ থাকে না। যানজটের কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়, এতে যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

স্থানীয় বাসিন্দা শিবলী শরীফ বলেন, আমতলী একে স্কুল চৌরাস্তার যানজট ঢাকার যানজটকেও হার মানায়। ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় বিশৃঙ্খলা আরও বাড়ছে। দ্রুত মহাসড়কের পাশ থেকে হাট অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

অভিযোগ রয়েছে, মহাসড়কের পাশে হাট বসানোর বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং হাট থেকে রাজস্ব আদায় করা হলেও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগেরও কার্যকর তৎপরতা নেই বলে জানান ভুক্তভোগীরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ বলেন, দ্রুত লোক পাঠিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সড়কের পাশ থেকে হাট অপসারণ করা হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ