
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
টানা আট দিনের ছুটি শেষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে কার্যক্রম চালু হওয়ায় বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। পণ্য ওঠানো-নামানোর কাজে যোগ দিয়েছেন প্রায় তিন হাজার শ্রমিক।
বন্দর সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, আট দিনের ছুটি শেষে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকেরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।
তিনি জানান, দীর্ঘ ছুটির কারণে সীমান্তের দুই পাশে যানজট ও পণ্যজটের সৃষ্টি হয়েছিল। কয়েক হাজার পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানি-রপ্তানি ও পণ্য খালাস শুরু হওয়ায় যানজট ও পণ্যজট কমতে শুরু করেছে।
বন্দরসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ভারত থেকে আমদানি করা পণ্যের প্রায় ৮০ শতাংশই বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে। এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয়। বন্দরটি থেকে সরকার প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব পায়।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, আট দিনের ছুটি শেষে শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ছুটিতে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।