গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৩

হোম » লিড নিউজ » গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, আহত ৩
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


 

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শওকত ও জসিম।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সাংবাদিকদের জানান, সদর থানা পুলিশের একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে ওই এলাকায় ছিল। শনিবার দুপুরে পুলিশের সদস্যরা রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে এসে হকিস্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান। পরে পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

 

পুলিশ সুপার আরও জানান, পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলেন এবং মিছিলকারীদের কোনো বাধা দেননি। মিছিলকারীরা সেখানে এসেই পুলিশের গাড়ি ভাঙচুর ও সদস্যদের ওপর হামলা চালান।

 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেন, রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের প্রাথমিক অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৭:০৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ