
সাগরকন্যা প্রতিবেদক
মানুষের ঈমান, আমল ও নৈতিক চরিত্র রক্ষায় সৎ সঙ্গ গ্রহণ এবং অসৎ পরিবেশ পরিহারের ওপর গুরুত্বারোপ করেছেন আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। তিনি বলেছেন, যে মজলিসে অংশ নিলে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, সে মজলিস থেকে বিরত থাকা উচিত।
তিনি বলেন, মুমিনের প্রতিটি কথা, কাজ ও আচরণে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া উচিত। পরনিন্দা, মিথ্যাচার, অশ্লীলতা ও অন্যায় কর্মকাণ্ডে পরিপূর্ণ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। সৎ সঙ্গ মানুষের ঈমান মজবুত করে এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়। অন্যদিকে, অসৎ সঙ্গ নৈতিক অবক্ষয় ও আত্মিক ক্ষতির কারণ হতে পারে।
পীর ছাহেব কেবলা আরও বলেন, শুধু নিজের আমল-আখলাকের প্রতি যত্নবান হলেই চলবে না, সঙ্গ ও পরিবেশ সম্পর্কেও সচেতন থাকতে হবে। যে মজলিসে গুনাহে জড়িয়ে পড়া কিংবা অন্যায়কে সমর্থন করার আশঙ্কা থাকে, তা যথাসম্ভব পরিহার করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সৎ সঙ্গ গ্রহণ এবং আল্লাহর জিকির ও নেক আমলসমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুক্রবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার জাঙ্গালিয়ায় ছারছীনা শরীফের পীর ছাহেবের শুভাগমন উপলক্ষে জাঙ্গালিয়া কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে এসব কথা বলেন তিনি।
মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন পীর ছাহেব কেবলা।