
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী ও এক নারী অভিভাবক চিপস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বড় দুর্গাপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশের একটি দোকান থেকে অনুমোদনহীন চিপস কিনে খাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। তাদের পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি শুরু হলে দ্রুত উদ্ধার করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থরা হলেন- প্রাপ্তি অধিকারী (১০), তুফান শেখ (১৩), রাজদীপ (১০), আখিরা (১১), লামিয়া (১১), জান্নাতুল (১০), আরহী মণ্ডল (৫), রাহুল মণ্ডল (৮), সৃষ্টি বিশ্বাস (১০), ফাতেমা আক্তার (৮), আম্বিকা (৬), প্রভাতী (১০) এবং অভিভাবক দীপিকা হালদার (২৮)।
চিকিৎসকরা জানান, অসুস্থদের মধ্যে জান্নাতুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অন্যদের মৈত্রী হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মৈত্রী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাকিব রেজোয়ান বলেন, খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১৩ জনের মধ্যে ১২ জনকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুরুতর অসুস্থ এক শিক্ষার্থীকে মৈত্রী হাসপাতালের অ্যাম্বুলেন্সে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম মৈত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।