জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

হোম » পিরোজপুর » জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও তার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন।

 

এ সময় ‘আজকের বৃক্ষরোপণ, আগামীর জলবায়ু সুরক্ষা’, ‘গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি হবে সবুজ বাংলাদেশ’ এবং ‘শিক্ষাঙ্গণে সবুজের বার্তা, সবুজ বাংলাদেশের নবযাত্রা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

 

বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. ইয়ামিন তালুকদার ও সহকারী শিক্ষক মো. মামুন হোসেন।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, একটি শিশুর হাতে একটি গাছ তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:১২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ