সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে লামিয়া আক্তার (১৯) নামে এক নারীকে গাঁজাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ডসংলগ্ন একটি চাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লামিয়া উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারীর মেয়ে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম জানান, মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে তারা নেতাকর্মীদের নিয়ে টরকী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, বাসস্ট্যান্ডসংলগ্ন চাতালে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে।
খবর পেয়ে তারা থানা পুলিশকে অবহিত করেন এবং নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চিহ্নিত মাদক ক্রেতা পাশের খালে লাফিয়ে পালিয়ে যায়। তবে লামিয়া আক্তারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা।
ছাত্রদল নেতারা আরও অভিযোগ করেন, এসময় স্থানীয় একটি প্রভাবশালী মাদক চক্রের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এতে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও একপর্যায়ে তারা সেখান থেকে সরে যায়।
অন্যদিকে, আটক লামিয়া আক্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চাতালের পাশেই এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক লামিয়ার কাছ থেকে ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।