পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলে ব্যতিক্রমী মহড়া

হোম » পটুয়াখালী » পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলে ব্যতিক্রমী মহড়া
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬


পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে  পিস স্কুলে ব্যতিক্রমী মহড়া

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা যেকোনো আকস্মিক দুর্যোগের সময় কীভাবে নিজের এবং অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দিতে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া।

মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ক্যাম্পাসে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং শিক্ষা প্রতিষ্ঠানটির যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয়-শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। এ সময় নিরাপদ নির্গমন, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।

স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পটুয়াখালী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব, নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রেজওয়ান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, উপাধ্যক্ষ আমান সাদিক, নির্বাহী সচিব মনজুরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ভীষ্মদেব বিশ্বাস, পুলিশের উপ-পরিদর্শক আবু ইউসুফ এবং ভলান্টিয়ার টিম লিডার জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, দুর্যোগের সময় আতঙ্ক নয়, সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় শক্তি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের মহড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও সচেতন প্রজন্ম তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৬ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ