
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
এ সময় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে বেলুহার নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ কলেজ হিসেবে পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী দীপ মিস্ত্রী বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসই/এমআর