ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি ও মাছে রং মেশানোর দায়ে ব্যবসায়ীকে জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি এবং মাছে ক্ষতিকর কৃত্রিম রং মেশানোর দায়ে রিপন সরদার (৩২) নামে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ভাণ্ডারিয়া পৌর মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।

 

দণ্ডপ্রাপ্ত রিপন সরদার উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালির হাট এলাকার সুলতান সরদারের ছেলে।

 

আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ভাণ্ডারিয়া পৌর মাছ বাজারে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি এবং সাধারণ মাছে ক্ষতিকর কৃত্রিম রং মিশিয়ে তাজা দেখানোর অপরাধে রিপন সরদারকে হাতেনাতে আটক করা হয়।

 

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় অপরাধ স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও রং মিশ্রিত মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এছাড়া জব্দ হওয়া অন্যান্য সাধারণ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া কোস্টগার্ড কন্টিনজেন্টের কমান্ডার রাজু আহমেদসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় ভেজাল ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:০৩:৪৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ