
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় দুর্নীতি দমন কমিশন (দুদক), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননু, সদস্য মোস্তাফিজুর রহমান সুজন মৃধা ও মো. আল ইমরান। এছাড়া বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন বিপ্লব ও আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ, পরিবেশকর্মী কে এম বাচ্চু এবং আসাদুজ্জামান মিরাজ, আল-আমিন অনিক প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও বক্তারা বিভিন্ন খাতে অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির বিষয় তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগিরই আপনারা এসব কার্যক্রমের অগ্রগতি জানতে পারবেন।
সভায় দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা জোরদারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।