সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ সদস্য মো. ফারুক গাজী (৫২) চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। রোববার ( ১৪ জুন ) সকাল ৯টার দিকে থানার ব্যারাকের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চরাইল গ্রামের মৃত রতন গাজীর ছেলে ফারুক গাজী গত ১০ মে তালতলী থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং থানার নতুন ব্যারাকে অবস্থান করতেন।
শনিবার ( ১৩ জুন ) রাতে তিনি ব্যারাকেই ছিলেন। রোববার (১৪ জুন ) সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তাঁরা তাঁকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে তাঁর পরিহিত জামার পকেট থেকে পাঁচ পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে তিনি উল্লেখ করেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিয়েছি। অযথা কাউকে হয়রানি করবে না।
এছাড়া স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়ের জামাই ও ভাইয়ের উদ্দেশে মৃত্যুর পর করণীয় সম্পর্কেও কিছু নির্দেশনা লিখে গেছেন।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহাগ বলেন, পুলিশ সদস্য ফারুক গাজীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছিলেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।