
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় আন্তওয়ার্ড নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নীলগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রিয়জন কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় প্রিয়জন কল্যাণ পরিষদ ও সরদার রাইডার্স। বাফুফে মনোনীত অভিজ্ঞ পরিচালক হামিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত খেলায় সরদার রাইডার্স ১-০ গোলে প্রিয়জন কল্যাণ পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রিয়জন কল্যাণ পরিষদ রানারআপ হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা মাহমুদ হোসাইন (চুন্নু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়জন কল্যাণ পরিষদের সভাপতি আবু তালেব ইভান মাতব্বর, সমাজসেবক মো. সেলিম মাতব্বর, সমাজকর্মী নয়নাভিরাম গাইন, শামসুল হক গাজী, সাবেক খেলোয়াড় নির্মল গাইন, ব্যবসায়ী বেল্লাল হাওলাদার ও রিমন মাতব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ও আয়োজকদের মধ্যে শুভেচ্ছা উপহারও বিনিময় করা হয়।
আয়োজকরা জানান, ওয়ার্ডভিত্তিক মোট সাতটি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর আগে গত ১৯ মে প্রবাস থেকে ভিডিও কলে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রিয়জন কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী শাহিন মাতব্বর।