দশমিনায় গোখরার দংশনে ১০ মাসের শিশুর মৃত্যু

হোম » পটুয়াখালী » দশমিনায় গোখরার দংশনে ১০ মাসের শিশুর মৃত্যু
শুক্রবার ● ১২ জুন ২০২৬


 

দশমিনায় গোখরার দংশনে ১০ মাসের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিষধর গোখরা সাপের দংশনে আরিয়ন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ন ওই গ্রামের বাসিন্দা আরমান মিয়ার ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আরিয়ন ঘরের মেঝেতে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে ছিল। রাত ৮টার দিকে হঠাৎ তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। তারা দ্রুত ঘরের বাতি জ্বালিয়ে দেখতে পান, একটি বিষধর গোখরা সাপ মেঝেতে ঘুরে বেড়াচ্ছে।

 

পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এ সময় শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শওকত ওসমান বলেন, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানান, তাকে সাপে দংশন করেছে। পরীক্ষা করে তার হাতে সাপের কামড়ের চিহ্ন পাওয়া যায়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

 

সন্তান হারিয়ে শোকাহত বাবা আরমান মিয়া বলেন, রাতে আমাদের পাশেই আরিয়ন শুয়ে ছিল। হঠাৎ ওর চিৎকারে ঘুম ভেঙে যায়। বাতি জ্বালিয়ে দেখি পাশে একটি সাপ ঘুরছে। প্রতিবেশীরা এসে সাপটি মেরে ফেলার পর দেখি আরিয়নের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি।

 

স্থানীয়রা জানান, রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আরিয়নের মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ