
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একাধিক প্রচেষ্টা কঠোর অবস্থানের কারণে ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিবাগত রাত থেকে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় এ ধরনের তৎপরতা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া নজরদারি ও টহল জোরদারের কারণে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ করে একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
৪৯ বিজিবি সূত্রে জানা যায়, রাত ১২টা ৪০ মিনিটের দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৯/৩-এস থেকে ১৯/৫-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে তিনটি যানবাহন অবস্থান নেয়। কিছুক্ষণ পর ভারতীয় অংশের নিরাপত্তা বাতিগুলো হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা বিজিবির নজরে আসে।
বিজিবির দাবি, ওই সময় কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সীমান্তের কাঁটাতারের কাছে এনে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির অবস্থান কঠোর হওয়ায় তারা সফল হয়নি। পরে ওই ব্যক্তিদের কাঁটাতারের ভারতীয় অংশের কাছাকাছি খোলা মাঠে আটকে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু ভারতের কাঁটাতারের বেড়ার বাইরে, প্রায় ১৫০ গজ অভ্যন্তরে খোলা মাঠে প্রখর রোদে অবস্থান করছেন। প্রচণ্ড গরমে তারা মানবেতর পরিস্থিতিতে রয়েছেন।
স্থানীয়রা জানান, বিএসএফ তাদের ভারতের মূল ভূখণ্ড থেকে বের করে সীমান্তের নির্দিষ্ট এলাকায় রেখে গেট বন্ধ করে দেয়। পানির সংকট ও তীব্র গরমে তারা একাধিকবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেও বিজিবির বাধার মুখে তা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা চায়। সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পরবর্তীতে সোমবার বেলা ২টার দিকে বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়নের কমান্ডার মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদস্যদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন।
তিনি বলেন, বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে বেনাপোল সীমান্তের সাদিপুর ও রঘুনাথপুর এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়। তবে বিজিবির কঠোর নজরদারিতে পুরো সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।