গৌরনদীতে বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন উৎসব

হোম » সর্বশেষ » গৌরনদীতে বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন উৎসব
সোমবার ● ১ জুন ২০২৬


 

গৌরনদীতে বুধবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন উৎসব

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে বুধবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশাল ও মাদারীপুর জেলার সীমান্তবর্তী এলাকায় আয়োজিত এ উৎসবে ৪০ থেকে ৫০ হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকরা। প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

 

জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুলে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে প্রতিবছর নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আশ্রমসংলগ্ন প্রায় এক কিলোমিটার দীর্ঘ পুকুরপাড় বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। সড়কের দুই পাশেও আধুনিক আলোকসজ্জার মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

 

দর্শনার্থীদের বিনোদনের জন্য গভীর রাত পর্যন্ত চলবে কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীদের সংগীত পরিবেশনা। বুধবার সন্ধ্যায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাউলশিল্পী নিতু বালা, স্বাপ্নিক নৃত্য বিকাশের নৃত্যশিল্পীরা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সংগীতশিল্পীরা।

 

একতা লোকনাথ সংঘের পূজা উদযাপন কমিটির আহ্বায়ক সঞ্জয় কর্মকার অভিজিৎ সাগরকন্যাকে বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রামযাত্রা পালা এবং শুক্রবার মঞ্চস্থ হবে নিমাই সন্ন্যাস পালা। শনিবার রাত ৮টায় শুরু হবে খ্যাতিমান পাঠক বিল্লমঙ্গল দেবনাথ দাসের শ্রীমদ্ভগবদ পাঠ। উৎসবের শেষ দিন রোববার শ্রীমদ্ভগবদ পাঠ করবেন গোপীনাথ দাস ব্রহ্মচারী। প্রতিদিনই আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রায় আড়াই যুগ ধরে প্রতিবছর এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। এলাকার সুনাম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের আনন্দ-উৎসবের অংশ হিসেবেই এ আয়োজন করা হয়। সবার সহযোগিতায় এবার অনুষ্ঠান আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, এটি উপজেলার অন্যতম বড় ধর্মীয় আয়োজন। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:০২ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ