
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সকাল ১০টায় বরিশাল কীর্তনখোলা কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান সিরিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট বাহাদুরা সাজু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান ও সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন এবং মুলাদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হুমায়ূন কবির ও সদস্য সচিব কাজী কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম রূপকার। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ, জাতি ও গণতন্ত্রের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানটি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়।