দশমিনায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন ফোরকান

হোম » শিক্ষা » দশমিনায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন ফোরকান
সোমবার ● ১ জুন ২০২৬


 

দশমিনায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন ফোরকান

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফোরকান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষা, প্রশাসনিক দক্ষতা ও সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নের ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন শেষে বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফোরকানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ এবং সদস্য সচিব পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এস. এম. আরিফুর ইসলামের সমন্বয়ে গঠিত কমিটির তত্ত্বাবধানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নেছার উদ্দিন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ ফলাফল ঘোষণা করেন।

 

মূল্যায়নের ক্ষেত্রে একাডেমিক ফলাফল, শিক্ষকতার অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদানে দক্ষতা, শিখন-শেখানো কৌশল, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের প্রয়োগসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়।

 

এ উপলক্ষে রোববার দুপুরে দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহ আলম শানুসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মোহাম্মদ ফোরকানের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

 

এ বিষয়ে প্রতিক্রিয়ায় মোহাম্মদ ফোরকান বলেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। আমি শিক্ষার্থীদের উন্নত শিক্ষাদানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:১৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ