
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটা উপজেলার একদল জেলেদের জালে অজ্ঞাত একটি ড্রোনসদৃশ বস্তু ধরা পড়েছে। লাল রঙের ওই অস্বাভাবিক যন্ত্রটি ঘিরে ওই এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার বিকেল ৪টার দিকে। পরে সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা পাথরঘাটা থানার মোবাইল ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সোহান।
স্থানীয় জেলে মিরাজ হোসেন জানান, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি ট্রলার বঙ্গোপসাগরসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জাল তুলতে গিয়ে হঠাৎ বিমানের আকৃতির বস্তুটি ধরা পড়ে। এতে ডানা ও পাখার মতো অংশও ছিল। জালে পেঁচিয়ে আংশিক ক্ষতিগ্রস্ত অবস্থায় এটি নদীতে পড়ে যায়, পরে তা উদ্ধার করে পাথরঘাটায় আনা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বস্তুটি লম্বাটে, উজ্জ্বল লাল রঙের এবং ছোট আকারের বিমানের মতো দেখতে। ঘটনাটিকে ঘিরে এলাকাজুড়ে নানা ধরনের ধারণা ও গুজব ছড়িয়েছে। কেউ কেউ একে সমুদ্র জরিপে ব্যবহৃত ড্রোন বা স্বয়ংক্রিয় গবেষণা যন্ত্র বলে ধারণা করছেন, আবার অনেকে এটিকে বিদেশি সামরিক বা বৈজ্ঞানিক কার্যক্রমের অংশও হতে পারে বলে মনে করছেন।
তবে বস্তুটি ঠিক কোন এলাকা থেকে এসেছে বা এর প্রকৃত উৎস কী- সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সোহান সাগরকন্যাকে বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।