
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জুন) সকাল ১১টায় উপজেলার সড়ক এলাকার কুড়ালিয়া হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভোলা জেলা ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মোসাঃ মাফরুজা সুলতানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার আলম খান, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজ, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আযম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির।
মিট দ্য প্রেসে সাংবাদিকরা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। জবাবে প্রধান অতিথি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তাঁর পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে অতিথি ও সাংবাদিকদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।