কলাপাড়ায় নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিকের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিকের কারাদণ্ড
শুক্রবার ● ১৫ মে ২০২৬


কলাপাড়ায় নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ড্রিংকো জুস উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পৌরশহরের কাজী নজরুল ইসলাম সড়কের মো. মোজাম্মেল হোসেনের ভাড়া বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিপুল পরিমাণ নকল ‘ড্রিংকো’ জুস ক্যান, জুস তৈরির কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নকল জুস উৎপাদনের অভিযোগে মো. মাসুদ সিকদার (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মাসুদ সিকদার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ‘কালার ফুল’ নামে ভুয়া কোম্পানির পরিচয়ে কারখানাটি পরিচালিত হচ্ছিল। সেখানে ‘ড্রিকোর’ নামে নকল জুস উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউসার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল পণ্য জব্দ করা হয়। এসব ভেজাল কোমল পানীয় মানবদেহের হৃদযন্ত্র, লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর বলে তিনি সতর্ক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটি কয়েকজনের যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:০৭ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ