কুয়াকাটা থেকে উদ্ধার চরফ্যাশনে ফিল্মি স্টাইলে কলেজছাত্রী অপহরণ; বিএনপি নেতার ছেলে পলাতক

হোম » ভোলা » কুয়াকাটা থেকে উদ্ধার চরফ্যাশনে ফিল্মি স্টাইলে কলেজছাত্রী অপহরণ; বিএনপি নেতার ছেলে পলাতক
শনিবার ● ৯ মে ২০২৬


 

অপহৃত কলেজছাত্রী (বামে) ও অভিযুক্ত বিএনপি নেতার ছেলে জাবেদ (ডানে)। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে এক কলেজছাত্রীকে অজ্ঞান করে সিনেমার কায়দায় অপহরণের দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে, তবে মূল অভিযুক্ত পালিয়ে গেছে।

 

পুলিশ জানায়, অভিযুক্ত জাবেদ চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. ছালাউদ্দিনের ছেলে। শুক্রবার ভোরে কুয়াকাটার একটি হোটেল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। এ সময় জাবেদ কৌশলে পালিয়ে গেলেও তার সহযোগী হাসনাইন (২১) এবং মাইক্রোবাস চালক মেহেদী হাসান (২৬)কে আটক করা হয়।

 

চরফ্যাশন থানার ওসি মাহামুদ আল ফরিদ সাগরকন্যার এ প্রতিবেদককে জানান, কুয়াকাটা থেকে পুলিশের এসআই ছিদ্দিকুর রহমান উদ্ধার হওয়া শিক্ষার্থী ও আটক দুজনকে নিয়ে চরফ্যাশন থানায় পৌঁছেছেন। অভিযুক্ত জাবেদকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রী গত বুধবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে কয়েক যুবক তার গতিরোধ করে। অভিযোগ রয়েছে, তার নাকে ক্লোরোফর্ম জাতীয় চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করা হয়। পরে তাকে একটি মাইক্রোবাসে অপহরণকারিরা তুলে নিয়ে যায়।

 

এ ঘটনায় ছাত্রীর বাবা শিক্ষক কামরুল হাসান থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশের একটি দল অনুসন্ধান শুরু করে।

 

স্থানীয়দের দাবি, জাবেদ পূর্বে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে ব্যর্থ হয়ে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।

 

পুলিশ জানায়, কুয়াকাটার একটি হোটেলে তাদের অবস্থান সন্দেহজনক মনে হলে এক পর্যটক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাবেদ হোটেলের টয়লেটের ভেন্টিলেটরের ফাঁক গলে পালিয়ে যায়।

 

অভিযুক্তের বাবা বিএনপি নেতা মো. ছালাউদ্দিন বলেন, তার ছেলে গুরুতর অন্যায় করেছে। মেয়েটি নিরাপদে উদ্ধার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

 

কলেজ শিক্ষক মোঃ মইন বলেন, কলেজ থেকে ফেরার পথে এভাবে একজন শিক্ষার্থী অপহরণের ঘটনা সবাইকে হতবাক করেছে। তিনি মূল অভিযুক্তের দ্রুত গ্রেফতার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১০:০৫:৫৫ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ