
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলীতে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বরগুনার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালককে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আসামি মো. ফজলুল হক বাচ্চু তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান। মামলার বাদী একই ইউনিয়নের অপর ইউপি সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ।
মামলার অভিযোগে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চার মাসের জন্য সরকার ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ওই চাল বিতরণের দায়িত্ব ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চুর ওপর ন্যস্ত করেন।
অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল ইউনিয়নের নিবন্ধিত ৭৬৫ জন জেলের মধ্যে ৮০ কেজি করে মোট ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হয়। তবে অবশিষ্ট ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাদী মুহাম্মদ রেদওয়ান উল্লাহ দাবি করেন, দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আসামি জেলেদের জন্য বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি খাদ্য সহায়তার চাল আত্মসাৎ করেছেন। এ ঘটনায় একই ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য গত ২২ এপ্রিল বরগুনা জেলা প্রশাসক, দুদক চেয়ারম্যান, দুদকের বরিশাল বিভাগীয় পরিচালক এবং পটুয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
তিনি আরও জানান, পরবর্তীতে ৪ জুন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। মামলায় একই ইউনিয়নের ছয়জন ইউপি সদস্য সাক্ষী হিসেবে রয়েছেন।
মুহাম্মদ রেদওয়ান উল্লাহ বলেন, আমরা আশা করি এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং ন্যায়বিচার পাব।
এ বিষয়ে আসামি মো. ফজলুল হক বাচ্চুর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।