মুলাদীতে হাত-চোখ বেঁধে কৃষককে তুলে নেওয়ার অভিযোগ

হোম » বরিশাল » মুলাদীতে হাত-চোখ বেঁধে কৃষককে তুলে নেওয়ার অভিযোগ
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদী উপজেলায় গভীর রাতে এক কৃষককে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অপহৃত কৃষক হারুন হাওলাদার (৫৯) ওই গ্রামের মৃত অছিমদ্দিন হাওলাদারের ছেলে।

পরিবারের দাবি, অজ্ঞাতপরিচয় চার ব্যক্তি হারুন হাওলাদারকে হাত ও চোখ বেঁধে ট্রলারে তুলে নিয়ে যায়। ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী সেলিনা বেগম।

সেলিনা বেগম জানান, তাদের একমাত্র ছেলে ঢাকায় চাকরি করেন। বাড়িতে তিনি ও তার স্বামী বসবাস করেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি দরজা খুলতে বলেন। তারা দরজা খুলতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা দরজা ভেঙে ফেলার হুমকি দেয়। পরে হারুন হাওলাদার দরজা খুললে চারজন ব্যক্তি ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে মারধর করেন। একপর্যায়ে হারুন হাওলাদারের হাত ও চোখ বেঁধে তাকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, স্বামীকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা আমাকে গালিগালাজ করে। পরে খালের পাড়ে নিয়ে তাকে একটি ট্রলারে তুলে জয়ন্তী নদীর দিকে চলে যায়।

সেলিনা বেগমের দাবি, হারুন হাওলাদারকে ট্রলারে তোলার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেছিলেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।

তবে পুলিশের দাবি, শুক্রবার দিবাগত রাত ১টা বা তার পরবর্তী সময়ে সেলিনা বেগমের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে কোনো কল করা হয়নি। এছাড়া অপহরণের ঘটনার বিষয়ে তার বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে বলে পুলিশের ধারণা।

শনিবার সকালে মুলাদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আমান বান্নাসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, কৃষকের নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তার স্ত্রীসহ আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং ওই কৃষককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:১৩:৫৭ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ