পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

হোম » আলোচিত খবর » পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

সাগরকন্যা প্রতিবেদক, কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। দানবাক্স খোলার পর গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি।

 

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। সকাল ৯টার পর শুরু হওয়া টাকা গণনার কাজ চলে রাত পৌনে ৯টা পর্যন্ত।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত তিন থেকে চার মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার প্রায় ছয় মাস পর সেগুলো খোলা হয়েছে। ফলে এবার রেকর্ড পরিমাণ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও পাওয়া গেছে।

 

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

 

এবার টাকা গণনার কাজে অংশ নেন রূপালী ব্যাংকের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসার শিক্ষার্থীসহ মোট ৫৯০ জন।

 

এর আগে গত ২৭ ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেসময় ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছিল।

 

দানবাক্স খোলা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, ‘সর্বশেষ দানবাক্স খোলার আগ পর্যন্ত পাগলা মসজিদের দানের ১১৪ কোটি ১৩ লাখ ৭ হাজার ৩৫২ টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। এছাড়া স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা সিলগালা অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষিত আছে। দানবাক্সের পাশাপাশি পাগলা মসজিদে অনলাইনেও দান গ্রহণ করা হয়। এ পর্যন্ত অনলাইনে ২৪ লাখ ৭৬ হাজার ৮৮২ টাকা জমা হয়েছে।’

বাংলাদেশ সময়: ২১:৫৪:৫০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ