কলাপাড়ায় শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

হোম » শিক্ষা » কলাপাড়ায় শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
শনিবার ● ২৭ জুন ২০২৬


কলাপাড়ায় শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং সিমকার্ড আটকে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মণ্ডলের পরিবারের পক্ষ থেকে স্থানীয় নিজাম উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। উপবৃত্তির টাকা ও সিমকার্ড ফেরতসহ ন্যায়বিচারের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরছেন শিক্ষার্থীর অসহায় পরিবার।

 

পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কার বাবা সুজন মণ্ডল স্থানীয় বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আর্থিক অসচ্ছলতার মধ্যেও মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় স্থানীয় নিজাম উদ্দিন ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকে বিনা খরচে প্রাইভেট পড়ানোর আশ্বাস দেন। অভিযোগ রয়েছে, ওই সুযোগে শিক্ষার্থীর উপবৃত্তির জন্য ব্যবহৃত সিমকার্ড নিজেদের নামে নিবন্ধন করে নিজেদের কাছেই রেখে দেন তারা।

 

পরিবারের দাবি, কিছুদিন পর প্রিয়াঙ্কাকে পড়ানো বন্ধ করে দেওয়া হলেও সিমকার্ড ফেরত দিতে নানা টালবাহানা শুরু করেন নিজাম উদ্দিন। পাশাপাশি উপবৃত্তির তিন কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

 

এদিকে নিজেকে আইনজীবী পরিচয়দানকারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে বয়স্কভাতা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগও করেছেন অপর ভুক্তভোগী বাসুদেব দত্ত। তাঁর অভিযোগ, স্ত্রী মমতা রানী (৬৩) এর নামে বয়স্কভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ নেওয়া হলেও পরে আর যোগাযোগ করেননি নিজাম উদ্দিন। বর্তমানে তিনি কারও ফোন রিসিভ করছেন না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

 

প্রিয়াঙ্কার বাবা সুজন মণ্ডল বলেন, নিজাম উদ্দিন আমার মেয়েকে প্রাইভেট পড়ানোর কথা বলে সিমকার্ড নিয়ে যায়। পরে পড়ানো বন্ধ করে দেয়। এখন সিমকার্ড ফেরত দিচ্ছে না এবং উপবৃত্তির টাকাও আত্মসাৎ করেছে।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নিজাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, শিক্ষার্থীর অভিভাবক লিখিত অভিযোগ দিলে পরবর্তী সংশোধনী কার্যক্রমের সময় পুরোনো সিমকার্ড বন্ধ করে নতুন সিম নম্বর যুক্ত করা সম্ভব হবে। এরপর শিক্ষার্থী নিয়ম অনুযায়ী উপবৃত্তির টাকা পাবে।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৫৭ ● ৩৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ