দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই: ছারছীনার পীর সাহেব

হোম » ইসলামী জীবন » দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই: ছারছীনার পীর সাহেব
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই: ছারছীনার পীর সাহেব

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মহাবিশ্বের সূচনালগ্ন থেকেই ইয়াওমে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন। মহাজাগতিক ইতিহাসের বহু ঘটনা এ দিনের সঙ্গে সম্পৃক্ত। অনেকেই মনে করেন, ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত ও কারবালার ঘটনার কারণে এ দিনের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে আশুরার কারণেই দিনটি ফজিলতপূর্ণ হয়েছে।

 

তিনি বলেন, ‘মনে রাখতে হবে, অপরাধী তার অপরাধের জবাব তাকেই দিতে হবে। ইয়াজিদের অপরাধের জন্য কোনো সাহাবায়ে কেরামের সম্মানের অমর্যাদা করা উচিত নয়। হজরত মুয়াবিয়া (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর একজন জালিলুল কদর সাহাবি ও কাতিবে ওহি ছিলেন। তাঁর সমালোচনা করা হক আকিদার পরিপন্থী।’

 

পীর সাহেব আরও বলেন, ‘বিভিন্ন প্রান্তে স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা স্বাধীন দেশের নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। অন্যের ছত্রচ্ছায়ায় নয়, বরং স্বাধীন বাংলাদেশে আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই।’

 

সরকার ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা না নিয়ে যদি একই ভুলের পুনরাবৃত্তি করা হয়, তাহলে জনগণ দূরে সরে যাবে। এ দেশ পীর-মাশায়েখের দেশ। যাঁদের মাধ্যমে এ দেশে ইসলামের প্রসার ঘটেছে, তাঁদের পরিবর্তে ভ্রান্ত আকিদার নামধারী আলেমদের প্রচার-প্রচারণা বাড়ছে। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে।’

 

শনিবার (২৭ জুন) ছারছীনা দরবার শরীফে মরহুম পীর সাহেব বাহরে শরিয়ত হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর দ্বিতীয় ইন্তেকালবার্ষিকী, তালিমদাতাদের তিন দিনব্যাপী বিশেষ তালিমি জলসা এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক প্রশিক্ষণের সমাপনী দিনে জোহরের নামাজের পর আখেরি মোনাজাত-পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

মাহফিলের দ্বিতীয় দিনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন, ‘ছারছীনা দরবার শরীফ ও এর অনুসারীদের প্রতি বাংলাদেশ সরকার কৃতজ্ঞ। দ্বীন ইসলামের খেদমতে এ দরবারের ভূমিকা আমরা সবাই স্বীকার করি। ইসলামের সঠিক শিক্ষা প্রচারে যুগ যুগ ধরে এ দরবার গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা ধর্মীয় সহনশীলতাভিত্তিক একটি দেশ গঠনের স্বপ্ন দেখি।’

 

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেন, ‘ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ অরাজনৈতিক সংগঠন হিসেবে আকিদার প্রশ্নে সবসময় দৃঢ় অবস্থান বজায় রেখেছে। আমরা মনে করি, বর্তমান সরকার গঠনে ছারছীনা শরীফের ভক্ত-অনুসারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ জন্য দেশনায়ক ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

 

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, ‘সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের জন্য এক সংকটময় সময় চলছে। এ সময়ে সঠিক আকিদা ও প্রকৃত দ্বীন ইসলামের শিক্ষা গ্রহণের জন্য আমরা ছারছীনা শরীফের দিকনির্দেশনা অনুসরণ করি। দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা শরীফের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। ধর্মীয় সহনশীলতা বজায় রেখে বর্তমান সরকার ও বিএনপি দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা শরীফের পাশে থাকবে।’

 

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, ‘ছারছীনা দরবার শরীফে আমরা পীর-মাশায়েখদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা লাভ করি। অতীতে যেমন দ্বীন ইসলামের খেদমতে এ দরবারের ভূমিকা ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ইসলামের স্বার্থে রাষ্ট্রীয় প্রতিনিধিরা সবসময় ছারছীনা দরবার শরীফের পাশে থাকবে।’

 

মাহফিলের শেষ দিনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমির আলহাজ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নায়েবে আমির অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক, নাজেমে আলা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মো. রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদির মাওলানা মাহমুদুম মুনীর হামিম এবং মির্জা শোয়াইবুর রহমান বেগসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২:২৪:৩৮ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ