তামাক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মাসুদ সাঈদীর

হোম » পিরোজপুর » তামাক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মাসুদ সাঈদীর
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

তামাক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান এমপি মাসুদ সাঈদীর

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে তামাকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ‘তামাক একটি নীরব ঘাতক। এটি মানুষের স্বাস্থ্য, পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তাই তামাক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে এ বিষয়ে একযোগে কাজ করতে হবে। তামাককে ”না” বললেই গড়ে তোলা সম্ভব একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ।’

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া ১৮টি প্রতিশ্রুতির মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে। সম্প্রতি একনেক সভায় পিরোজপুরকে অর্থনৈতিক জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি পিরোজপুর পর্যন্ত রেল সংযোগ স্থাপনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান, পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন, সেক্রেটারি তাওহীদুল ইসলাম রাতুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, জিয়ানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান এবং জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভা শেষে প্রধান অতিথি উপজেলার চাড়াখালী ব্রিজের নিচে নির্মিত শিশু পার্ক ও ঘোষেরহাট বাজারের ব্রিজ উদ্বোধন করেন। পরে তিনি জিয়ানগর বাজারে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:০৭:৪২ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ