
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে বরগুনায় দিনব্যাপী ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি। এতে সহযোগিতা করে দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ ফর কেয়ার প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
আয়োজক সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার প্রসারে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ক্লাইমেট ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রভাব, উপকূলীয় অঞ্চলের সংকট এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. খাইরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, ফটোসাংবাদিক আরিফুর রহমান, এনজিওকর্মী মহিউদ্দিন অপু এবং দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার এস. জেড. অপু। এছাড়া বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব। একই সঙ্গে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে নতুন প্রজন্মকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা যাবে।’