
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার (৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত কাউন্সিলরদের বার্ষিক সভায় ৯৯ শতাংশ সমর্থন পেয়ে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন।
রৌশন আরা দোলন পিরোজপুর পৌর শহরের সিআইপাড়া এলাকার ইংল্যান্ডপ্রবাসী ব্যবসায়ী রেজাউর রহমান জামানের স্ত্রী। তিনিই রামসগেট শহরের প্রথম বাঙালি ও প্রথম এশিয়ান নারী মেয়র, যিনি টানা পাঁচবার এ পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন।
রেজাউর রহমান জামান পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। তাদের আদি বাড়ি ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামে।
নির্বাচিত হওয়ার পর রৌশন আরা দোলন বলেন, ‘পঞ্চমবারের মতো রামসগেটের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। শহরের স্বেচ্ছাসেবক, সংগঠক, দাতব্য সংস্থা ও বাসিন্দাদের প্রতি আমি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় রামসগেটকে আরও সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।’
জানা গেছে, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে রামসগেটের সাধারণ মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা, করোনাকালে জনসেবামূলক কার্যক্রম এবং শহরের পরিচ্ছন্নতা রক্ষায় ভূমিকার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন।
রৌশন আরা দোলন ১৯৭৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। ২০১৭ সালে তিনি যুক্তরাজ্যে লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচন করেন।
২০১৯ সালের ২০ মে প্রথমবার রামসগেটের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। বাংলাদেশ ও যুক্তরাজ্য- দুই দেশেই তিনি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
রৌশন আরা দোলন ও তার স্বামী যৌথভাবে ‘রামসগেট তান্দুরি’ নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী। বড় ছেলে রাইভী শামস রহমান ইংল্যান্ডের ডিপার্টমেন্ট ফর এডুকেশনে আইন উপদেষ্টা হিসেবে কর্মরত এবং ছোট ছেলে জুনায়েদ রহমান কলেজ শিক্ষার্থী।
রৌশন আরা দোলনের পৈতৃক বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে। তার বাবা ইঞ্জিনিয়ার রজ্জব আলী।