সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

হোম » পর্যটন » সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

সাংবাদিক ও পরিবেশ-পর্যটনকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, পর্যটন ব্যবসায়ী, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু, টোয়াকের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ, শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিন এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজুসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, আরিফ রহমান দীর্ঘদিন ধরে বরগুনা জেলার বিভিন্ন পর্যটন স্পটের পাশপাশি কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গোটা পর্যটন খাতের জন্যও হুমকি স্বরূপ।

সভাপতির বক্তব্যে রুমান ইমতিয়াজ তুষার বলেন, আরিফ রহমান একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ ব্যক্তি। কুয়াকাটার উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, যারা মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

বক্তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩:১৩:৪০ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ