
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নে নিজ বসতঘরে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পর মামলা এবং এরপর আরও ১০ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন ওই নারীর স্বজনরা।
ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা সোমবার (৪ মে) স্থানীয় সাংবাদিকদের জানান, গত ২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরকচ্ছপিয়া এলাকায় ওই নারী নিজ ঘরে একদল দুর্বৃত্তের দ্বারা ধর্ষণের শিকার হন। পরে ২৪ এপ্রিল তিনি বাদী হয়ে দক্ষিণ আইচা থানা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা করেন। মামলায় রিয়াজ, জাকির, মফিজ, নুরুউদ্দিন ও আল আমিনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী কর্মসূত্রে চট্টগ্রাম ছিলেন। রাতের দিকে একজন পরিচিত ব্যক্তি ঘরের সামনে এসে ডাক দিলে দরজা খোলার পর কয়েকজন মিলে তাকে জোরপূর্বক নিয়ন্ত্রণে নেয়। পরে গভীর রাতে জ্ঞান ফিরলে নিজেকে অসহায় অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়দের দাবি, অভিযুক্তদের কয়েকজন এলাকায় বখাটে ও মাদককারবারির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। ঘটনার ভিডিও ধারণ করে সেটিকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবারের কাছে অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।