বরগুনার বেতাগীতে ১০ গুণ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

হোম » বরগুনা » বরগুনার বেতাগীতে ১০ গুণ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ৪ মে ২০২৬


 

বরগুনার বেতাগীতে ১০ গুণ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

বরগুনার বেতাগী পৌরসভায় নতুন করে ধার্য করা হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন পৌরবাসী। সোমবার (৪ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সচেতন বেতাগী পৌরবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ মো. রফিকুল আমিন, সুজনের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এবং নারী নেত্রী লাবণী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আছাদুল ইসলাম চিনু, মো. জলিলুর রহমান খোন্দকার, মো. রিপন খান ও মেরী আক্তার।

 

পরে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি দেন।

 

স্মারকলিপিতে পৌরবাসী জানান, পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার স্বার্থে তারা নিয়মিত কর পরিশোধ করে আসছেন। তবে জনগণের ভোটে নির্বাচিত পৌর পরিষদ না থাকার সুযোগে সম্প্রতি যে নতুন হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, তা আগের বছরের তুলনায় প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের জন্য অযৌক্তিক ও অসহনীয়।

 

তারা আরও জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমিত আয় এবং আর্থিক সংকটের বাস্তবতায় অধিকাংশ পৌরবাসীর পক্ষে এই বর্ধিত কর পরিশোধ করা সম্ভব নয়।

 

স্মারকলিপিতে নতুন ধার্য করা হোল্ডিং ট্যাক্স অবিলম্বে বাতিল, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের পর কর পুনর্নির্ধারণ, সহনীয় পর্যায়ে কর কমিয়ে আনা এবং ভবিষ্যতে কর বৃদ্ধির আগে পৌরবাসীর মতামত ও আপত্তি শুনানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৪ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ