বাউফলে কলেজছাত্র ও স্কুলছাত্রী বোনকে কুপিয়ে জখমের অভিযোগ

হোম » পটুয়াখালী » বাউফলে কলেজছাত্র ও স্কুলছাত্রী বোনকে কুপিয়ে জখমের অভিযোগ
রবিবার ● ৩ মে ২০২৬


 

বাউফলে কলেজছাত্র ও তার স্কুল পড়ুয়া বোনকে কুপিয়ে জখমের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্র ও তার স্কুলপড়ুয়া বোনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে নুর ইসলাম সোহাগ (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ইস্রাফিল ইসলাম রিফাত (২১) ও তার বোন জুই আক্তার (১৭)। রিফাত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং জুই বাউফলের সূর্যমনি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র ও আহতদের পরিবারের দাবি, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এ নিয়ে অভিযুক্ত সোহাগের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। ঘটনার দিন বিকেলে বাড়ির উঠানে কাজ করার সময় সোহাগের নেতৃত্বে কয়েকজন যুবক রিফাতের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রিফাতের চিৎকারে তার বোন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত রিফাত বলেন, ‘মাদক বিক্রির প্রতিবাদ করায় তারা আগে থেকেই ক্ষুব্ধ ছিল। শনিবার আমাকে তুলে নিয়ে কুপিয়ে জখম করা হয়। আমার বোন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।’

তবে অভিযুক্ত সোহাগ অভিযোগ অস্বীকার করে সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘তুলে নিয়ে কাউকে মারধর করা হয়নি। ওরা আমার বাড়িতে ঢুকে মাদক খুঁজতে গিয়ে টাকা নিয়ে গেছে। এ কারণে রিফাতকে মারধর করেছি।’

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:০৫ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ