
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠী পৌর শাখার উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শ্রমির দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি) সহ নেছারাবাদ উপজেলা ও স্বরূপকাঠি পৌর বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর অংশ নেয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবিদাওয়া আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সময়ে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলোরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য ও সক্রিয়তা বাড়াতে হবে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবসময় পাশে থাকতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ কামাল হোসেন, বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহিন আহমেদ প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ/এমআর